ঘরোয়াভাবে নেইল পলিশ রিমুভার তৈরি করার উপায়
ঘরোয়াভাবে তৈরি নেইল-পলিশ রিমুভারের অনেক রকম সুবিধা আছে। এটি বাজারে পাওয়া রিমুভারগুলোর তুলনায় বেশ স্বাস্থ্যকর, নিরাপদ এবং দামেও সস্তা। বেশিরভাগ কমারশিয়াল ব্র্যান্ডগুলোই (বিশেষত কমদামীগুলো) নখের জন্য খারাপ কেমিক্যাল ব্যবহার করে। এছাড়া এসব রিমুভার ইনহ্যালেন্ট হওয়ায় এগুলো থেকে দূরে থাকাই উচিত; তা না হলে সেটা অনেক ক্ষেত্রে, বিশেষত বাচ্চাদের ক্ষতির কারণ হতে পারে। দোকানের এসব রিমুভার খুব একটা পরিবেশ বান্ধবও নয়। ভিনেগার এবং লেবুর রস ব্যবহার করে আপনি নিজেই ঘরে বসে আপনার নেইল পলিশ রিমুভার তৈরি করে নিতে পারেন। এগুলো আপনার নখের জন্যও ভালো; বিশেষত সে নখ যদি হয় দুর্বল প্রকৃতির।
ভিনেগার আর লেবুর রসের এসিডিক উপাদান আপনার নেল পালিশ তুলে ফেলতে সহায়তা করে। এটি তৈরি করতে চাইলে প্রথমে একটা বোলে সাদা ভিনেগার (হোয়াইট ভিনেগার) ঢেলে নিন। তাতে সমপরিমাণ লেবুর রস মিশিয়ে মিশ্রণটাকে ভালো মত নাড়ুন। এরপর একটু তুলো নিয়ে সেটা ভিজিয়ে আপনার নখে ধরে রাখুন। এভাবে ১০-৩০ সেকেন্ড ধরে রাখা হলে আপনার নেল পলিশ উঠে যেতে শুরু করবে। তারপর তুলো দিয়ে সেটাকে মুছে ফেলুন। এভাবে নেইল পলিশ তুলে ফেলতে এসিটোনসমৃদ্ধ রিমুভারগুলো ব্যবহারের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে। এ রিমুভার ব্যবহারের আগে ১০-১৫ মিনিট নখ খুব গরম পানিতে ভিজিয়ে নিলে পলিশ দূর করার কাজটা কিছুটা দ্রুততর হয়।
যদি কেউ ভিনেগার আর লেবুর রসের এ মিশ্রণ ব্যবহার করতে অপারগ হন, তাদের ক্ষেত্রে রাবিং এলকোহল একটা ভালো বিকল্প হতে পারে। রাবিং এলকোহল তুলনামূলক বেশি প্রাকৃতিক এবং বাজারে প্রচলিত রিমুভারগুলোর কেমিক্যালের চেয়ে এটা কম ক্ষতিকর। যাদের নখে ইনফেকশন আছে, তাদের জন্য এটা আরেকদিক দিয়েও ভালো, কেননা এলকোহল এন্টি-ব্যাক্টিরিয়াল গুণাগুণ সমৃদ্ধ। স্রেফ তুলোতে করে অল্প একটু এলকোহল নিয়ে নখের পলিশ মুছে নিন। আগের মতই এবারো রিমুভার ব্যবহারের আগে নখগুলো কিছুক্ষণ গরম পানিতে ভিজিয়ে নিলে পলিশ দূর করার কাজটা দ্রুততর হবে।
এসব পদ্ধতি বাদেও নেইল পলিশ তুলে ফেলার আরো কিছু উপায় রয়েছে। অনেক পারফিউমই এসিটোন সমৃদ্ধ, যেটা কি না বেশিরভাগ বাণিজ্যিক রিমুভারগুলোতেও থাকে। সুতরাং, আপনার অব্যবহৃত পারফিউমটাকে নেইল পলিশ রিমুভার হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন। অনেকে আবার মনে করেন, কিছু কিছু ব্র্যান্ডের টুথপেস্টও রিমুভার হিসেবে ভালো কাজ করে। যদি এগুলো কোনটিরই উপায় না থাকে- তাহলে পুরনো নেইল পলিশ এর উপরে নতুন করে নেইল পলিশ দিয়ে সেটাকে মুছে ফেলুন। এতে করে নতুন পলিশের সাথে সাথে পুরনোটাও উঠে আসবে। যদি সামান্য কিছু বাকি থেকে থাকে, তবে তখন সেটাকে হালকাভাবে ঘষে তুলে ফেলা যেতে পারে।
Comments
Post a Comment