কানের খৈল পরিষ্কারের উপায়

 

নানাভাবেই আপনি আপনার কানে খৈল (ইয়ার ওয়াক্স) পরিষ্কার করতে পারেন। হতে পারে সেটা ঘরে কিংবা কোন ডাক্তারের চেম্বারে। অবশ্য যাদের ইয়ার ড্রামে (কানের পর্দায়) ছিদ্র আছে কিংবা কানে গুরুতর ইনফেকশনওয়ালা কারো ক্ষেত্রে কানে খৈল তৈরি হলে সেটা ডাক্তারের সাথে যোগাযোগ করে বের করে আনাটাই শ্রেয়। কারণ এসব রোগীদের ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করাটা প্রয়োজন হয়, যেটা কি না বিশেষজ্ঞ চিকিৎসকগণ উপযুক্ত ইন্সট্রুমেন্ট ব্যবহারের মাধ্যমে নিশ্চিত করে থাকেন।

 

কানের খৈল মোকাবেলায় পদক্ষেপ নেয়ার আগে কিছু কিছু বিষয় মাথায় রাখাটা জরুরি। এম্নিতে স্বাভাবিকভাবেই কান নিজেকে পরিষ্কার রাখার জন্য কিংবা ধুলাবালি বা আরো নানারকম ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে প্রচুর কানের খৈল তৈরি করে। সুতরাং কানের ভেতরে কিছু খৈল থাকাটাই স্বাভাবিক। কিন্তু যদি এ খৈল শ্রবণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি কিংবা কানে ব্যথার তৈরি করে, সেক্ষেত্রে এ খৈল পরিষ্কার করাটা জরুরি। একই কথা প্রযোজ্য কটন বাড দিয়ে কান খোচাতে গিয়ে সে খৈল কানের বেশি ভেতরে ঢুকিয়ে ফেলা হলে। কিন্তু যদি সামান্য পরিমাণে খৈল থেকে থাকে, তবে সেটাকে না পরিষ্কার করাটাই উত্তম।   

 

বাসায় বসে খৈল পরিষ্কার করতে চাইলে সেটাকে প্রথমে নরম হতে দিতে হবে, যেনো তা কানের বাইরে বেরিয়ে আসতে পারে। তারপর কান ধুয়ে ফেলতে হবে। এই খৈল নরম করার কয়েকটি উপায়ের মধ্যে রয়েছে- কানে কয়েক ফোটা গরম বেবি অয়েল জাতীয় নিউট্রাল অয়েল প্রয়োগ, কিংবা কানে গরম পানির বোতল ধরে রাখা, অথবা কানের খৈল নরম করার উদ্দেশ্যে প্রস্তুতকৃত বিশেষ দ্রবণ কানে প্রয়োগ করা। একাজ করার সময় টেবিলে মাথা রেখে কান উপরের দিকে রাখা যেতে পারে। মনে রাখতে হবে- খৈল নরমকারী তরল প্রয়োগের পর কয়েক মিনিটের জন্য মাথা সোজা করাটা উচিত নয়। কয়েক মিনিট বাদে মাথা সোজা করা হলে নরম খৈল কান দিয়ে বাইরে বেরিয়ে আসবে। অতঃপর কান গরম লবণ পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এটা করার জন্য খুব সাবধানে পানি কানের ভেতর প্রবেশ করানো যেতে পারে কিংবা বাল্ব সিরিঞ্জও ব্যবহার করা যায়।

 

কেউ কেউ কানের খৈল পরিষ্কার করতে হাইড্রোজেন পার-অক্সাইড ব্যবহারেরও পরামর্শ দেন। তবে একাজে শুধু হাইড্রোজেন পার-অক্সাইড ব্যবহার করা উচিত নয়, কারণ এটা খৈল নরম করতে কোন ভূমিকা রাখে না। তাই প্রথমে খৈল নরম করে তারপর সেটা ব্যবহার করা যেতে পারে। হাইড্রোজেন পার-অক্সাইড সেক্ষেত্রে কানের খৈল বের করে আনার ব্যাপারে ভূমিকা রাখবে।

 

একজন ডাক্তারের চেম্বারে কানের খৈল দূর করার জন্য হরেক রকমের ইন্সট্রুমেন্ট থাকে। তারা খৈল দূর করতে বিশেষ ওয়াটার জেট অথবা স্কুপ ব্যবহার করতে পারেন। বলা বাহুল্য- ডাক্তারখানার এসব পদ্ধতি কোন রকমের ট্রেনিং ছাড়া নিজে নিজে বাসায় প্রয়োগ করতে যাওয়াটা উচিত নয়, তা না হলে কানের একটা ক্ষতি হবার আশংকা কিন্তু থেকেই যায়।

 

Do you like this story?

Comments

Popular posts from this blog

সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে জ্বরঠোসা নিরাময়

সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়াহীন পদ্ধতিতে ব্রণ সমস্যা মোকাবেলার উপায়

ঠান্ডা আর গলার ব্যাথা সমস্যা দূরীকরণে অসাধারণ আয়ুর্বেদিক সমাধান